নীলফামারীতে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামে আল নাহিয়ান রিসান (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আল নাহিয়ান রিসান নীলফামারী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও মুন্সিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো তার বাবা-মা কর্মস্থলে যান। ছোট ভাই আইয়ান বিদ্যালয়ে গেলে বাড়িতে একাই ছিলেন রিসান। পরে স্কুল ছুটি শেষে ছোট ভাই বাড়িতে ফিরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

খবর পেয়ে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে অভিমান থেকে রিসান আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান কলেজছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।