রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল কাজে লাগিয়ে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছেন চীনের গবেষকরা। ওয়াশিংটন থেকে চিপ রফতানির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকল্প কৌশলে চীনা সামরিক প্রতিষ্ঠানগুলো মার্কিন এই প্রযুক্তি ব্যবহার করছে বলে রয়টার্সের পর্যালোচিত ৮০টিরও বেশি গবেষণাপত্র ও পেটেন্টে উঠে এসেছে।
গবেষণাসূত্রে জানা যায়, এই কাজের জন্য চীনা গবেষকরা ‘মডেল ডিস্টিলেশন’ নামের একটি বিশেষ পদ্ধতির সাহায্য নিচ্ছেন। এই পদ্ধতিতে একটি অতীব শক্তিশালী এআই সিস্টেমের আউটপুট সংগ্রহ করে তুলনামূলক ছোট ও সুনির্দিষ্ট কাজের উপযোগী মডেলকে প্রশিক্ষণ দেয়া হয়। এর ফলে বিশাল কম্পিউটিং সক্ষমতা ও বড় পরিকাঠামো ছাড়াই স্থানীয় ও সুরক্ষিত নেটওয়ার্কে নিজস্ব প্রযুক্তি পরিচালনা করা সম্ভব হচ্ছে। জেমসটাউন ফাউন্ডেশনের প্রাপ্ত তথ্যানুযায়ী, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং দেশটির বিভিন্ন সামরিক গবেষণা কেন্দ্র মার্কিন মডেলগুলোর যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের সাইবার হামলা, নজরদারি ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা শক্তিশালী করছে।
বেইজিংয়ের পিএলএ ইউনিট ৯৬৯৪১-এর গবেষণায় দেখা গেছে, সংবেদনশীল সামরিক কোড সংক্ষেপ করার উদ্দেশ্যে তারা ওপেনএআই-এর জিপিটি-৩.৫ সংস্করণটি ব্যবহার করে। পরে সেই সংক্ষেপিত ডেটা দিয়ে নিজস্ব অভ্যন্তরীণ নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী একটি চীনা এআই মডেল গড়ে তোলা হয়। এ ছাড়া নর্থ ইউনিভার্সিটি অব চায়নার গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে অ্যানথ্রোপিকের ‘ক্লড ৩ হাইকু’ মডেল ব্যবহার করেছেন।



