কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার সময় সৃষ্ট জলাবদ্ধতার ঘটনায় সাতজন শিক্ষককে একযোগে বদলি করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ হয়। আন্দোলন চলাকালে বদলি হওয়া শিক্ষক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের হাতজোড় করে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, সরকারি চাকরির সুরক্ষায় যেন আন্দোলন বাড়ানো না হয়।
এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে তাদের বদলি করা হয়। বদলি হওয়া শিক্ষকরা হলেন- উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, অধ্যাপক আবদুল মালেক, সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, প্রভাষক আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন। তাদের দেশের বিভিন্ন দূরবর্তী সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
শিক্ষকদের দাবি, গত ১৩ জুলাই অতিবৃষ্টির কারণে কলেজ প্রাঙ্গণে পানি জমলেও পরীক্ষা সময়মতোই অনুষ্ঠিত হয় এবং কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন না। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষকরা যৌথভাবে নৌকা ও ভ্যানে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছান। কিন্তু ১৮ জুলাই স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জলাবদ্ধতা পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করার পরপরই এই গণবদলির ঘটনা ঘটে।



