চট্টগ্রাম ব্যুরো
এফবিসিআইসি আরবিটেশন ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে হজ ও ঈদের সময় তোড়জোড় করে ২৩ মে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ঘোষণা করায় চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ হতবাক ও বিব্রত বোধ করছেন। চেম্বারের প্রায় সাত হাজার ভোটারের মধ্যে অনেকে হজে গমন, ঈদ উপলক্ষে কর্মকর্তা/কর্মচারী বেতনভাতা প্রদান নিয়ে ব্যস্ত, সর্বোপরি ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই পাঁচ দিনের নোটিশে চট্টগ্রাম চেম্বার নির্বাচনী বোর্ড নির্বাচন ঘোষণা করে। এরই প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মুখে চট্টগ্রাম সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যেগে বিক্ষোভ কর্মসূচি পালন ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম চেম্বারের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহার হোসেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি দেখাবেন বলে আশ্বাস প্রদান করেন। অপর দিকে চট্টগ্রাম চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম অফিসে না থাকায় উনার সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ফোনে কথা বলেন এবং অনুরোধ করা হয় উনার অনুপস্থিতিতে উনার অফিসের কোনো কর্মকর্তা যেন স্মারকলিপি গ্রহণ করেন, এতে তিনি অপারগতা প্রকাশ করেন।
কোট বিল্ডিং চত্বরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক প্রার্থী আহমেদ রশীদ আমু, মোস্তাক আহমেদ, মোহাম্মদ মুসা, কামরুল হুদা, কাজী ইমরান এফ রহমান প্রমুখ।



