দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পৃথক ঘটনায় দু’টি পান-বরজ পুড়ে ছাই হয়ে গেছে। একটি বজ্রপাতে এবং অন্যটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এতে সংশ্লিষ্ট কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় কয়ামাজমপুর চকপাড়া এলাকায় বজ্রপাত সরাসরি একটি পান বরজে আঘাত হানে। সাথে সাথে আগুন ধরে যায় পান-বরজে। এদিকে দমকা হাওয়ার কারণে তা দ্রুত পুরো বরজে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যে বরজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আরেক কৃষক জানান, তার প্রায় দুই বিঘা জমির পান বরজ পুড়ে যাওয়ায় তিনি মারাত্মক আর্থিক সঙ্কটে পড়েছেন। হঠাৎ এ ক্ষতির ফলে তার জীবিকা অনিশ্চয়তায় পড়ে গেছে। তিনি দ্রুত সরকারি সহায়তা কামনা করছেন।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে।



