ময়মনসিংহ অফিস
১৭ বছরের কারাবাস শেষে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক প্রবাসী পরিবারের সন্তান জাকির হোসেন পলাশ। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী থাকার পর শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে নিজ গ্রামে ফেরেন তিনি।
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টংগীরচর গ্রামে পৌঁছালে তাকে একনজর দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন পলাশ। কারাগারে কাটানো দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার বেদনাভরা অভিজ্ঞতা শুনে উপস্থিত অনেকেই অশ্রু ধরে রাখতে পারেননি।
কারাগারে বন্দী থাকাকালীন জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো বয়ে বেড়াতে হয়েছে তাকে। হারিয়েছেন নিজের বাবা ও একমাত্র সন্তানকে। মাদরাসায় অধ্যয়নরত সেই সন্তান এবং বাবার নামাজে জানাজায় অংশ নেয়ার সুযোগও পাননি তিনি। দীর্ঘ কারাবাসের অনিশ্চয়তার মধ্যে ভেঙে যায় তার সংসারও। স্ত্রী অন্যত্র বিয়েবন্ধনে আবদ্ধ হন। এতসব হারানোর বেদনা নিয়ে মুক্তি পেলেও এখনো বেঁচে আছেন তার মা, যাকে ঘিরেই এখন তার বেঁচে থাকার অবলম্বন।
পলাশের বড় ভাই আজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ! ১৭ বছরের অপেক্ষার অবসান হলো। আমার ছোট ভাই জাকির হোসেন পলাশ আজ জামিনে মুক্তি পেয়েছে। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, সে আবার আমাদের মাঝে ফিরেছে। তার সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।”



