সিরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য

আইফোন গ্রাহকদের ২৫ কোটি ডলার দিচ্ছে অ্যাপল

Printed Edition

দ্য স্ট্রেইটস টাইমস

আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে দায়েরকৃত একটি মামলা বড় অঙ্কের অর্থের বিনিময়ে নিষ্পত্তি করতে যাচ্ছে অ্যাপল। মঙ্গলবার প্রতিষ্ঠানটি ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি জায়ান্ট।

মূলত অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র এআই সক্ষমতা নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে এই ক্লাস অ্যাকশন মামলাটি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে আইফোন বিক্রি বাড়াতে কোম্পানিটি দাবি করেছিল যে, তাদের ডিভাইসে অত্যাধুনিক এআই-চালিত সিরি পাওয়া যাচ্ছে। তবে বাস্তবে সেই সুবিধা তখন ছিল না এবং নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনাও ছিল অনিশ্চিত। মার্কিন বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা বেটার বিজনেস ব্যুরোর ন্যাশনাল অ্যাডভার্টাইজিং ডিভিশনও অ্যাপলের এমন প্রচারণাকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করে।