মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলার পুত্রবধূ শামীমা নাসরিন যুক্তরাজ্যের লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিয়ে গত ৭ মে অনুষ্ঠিত ভোটে বিজয় অর্জন করেন।
এ খবরে মদন উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। শামীমা নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার বাসিন্দা আরিফুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমার জন্ম টাঙ্গাইল শহরের আদালতপাড়ায়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানমের একমাত্র কন্যা। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়া এলাকায়। ২০২৪ সালে তিনি মদন পৌরসভার বাসিন্দা গোলাম মাওলা খানের ছেলে আরিফুর রহমান খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শামীমার স্বজন আরাফাত খান ডিউ বলেন, ‘তিনি লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এ খবরে এলাকার মানুষও আনন্দিত।’
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শামীমা নাসরিনের এই অর্জন নতুন প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।



