ক্রীড়া প্রতিবেদক
নারী সাফের শিরোপা হারিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগের দুই আসরে কোনো ম্যাচে না হেরে চ্যাম্পিয়ন করানো সাবিনা খাতুনরা এবারের দলে ছিলেন না। কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করায় বাদ দেয়া হয় সাবিনা, মাছুরা, কৃষ্ণা, সুমাইয়া, সানজিদাদের। এদের বিকল্পদের নিয়ে এবারের সাফে ব্যর্থ মারিয়া মাণ্ডার দল। চার ম্যাচের দু’টিতে হেরেছে হ্যাটট্রিক শিরোপার মিশনে যাওয়া দলটি। গ্রুপ পর্বে ভারতের কাছে ০-৩ গোলে হারের পর ফাইনালে ১-৩ গোলে হার। তাই এখন ব্রিটিশ কোচ বাটলারকে হেড কোচের পদে বহাল রাখা হবে কি না- সেটাই এখন প্রশ্ন।
বাটলারের অধীনে বাংলাদেশ ২০২৪ সালে সাফ শিরোপা ধরে রাখে। এরপর অনূর্ধ্ব-২০ সাফেও চ্যাম্পিয়ন। নারী ফুটবল দলকে ইতিহাস গড়ে নিয়ে যান সিনিয়র এশিয়ান কাপ ও এএফসি অনূর্ধ্ব-২০ নারী আসরের চূড়ান্ত পর্বে। ইংলিশ লিগে খেলা এই ফুটবলারের অর্জন ওই পর্যন্তই। এরপর টানা চার ব্যর্থতা। নারী এশিয়ান কাপে কোনো পয়েন্ট অর্জন করা যায়নি। অনূর্ধ্ব-২০ এএফসির আসরেও কোনো ম্যাচে ড্র করা সম্ভব হয়নি। সাফ অনূর্ধ্ব-১৯ আসরের ফাইনালে ভারতের কাছে ০-৪ গোলে হারের পর এবার সিনিয়র নারী সাফে শিরোপা হাতছাড়া। তাই বাফুফেকে এই কোচের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে।
সেই সাথে ভবিষ্যতে কোনো ফুটবলার যেন কোচের বিপক্ষে বিদ্রোহ করার দুঃসাহস দেখাতে না পারে সেদিকে বাফুফেকে কঠোর হতে হবে।
অবশ্য এবারের বাংলাদেশ দল ইনজুরি সমস্যায় ভুগেছে। খেলোয়াড়রাও দায়িত্ব বোধের পরিচয় দেয়নি। বিশেষ করে ডিফেন্ডারদের ভুলই এবার বাংলাদেশ দলকে এই লজ্জা দিয়েছে।
এ দিকে গতকাল ২০২৪ সালে সাফ জয়ের দেড় কোটি টাকার অর্থ পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেয়া হয়েছে।



