বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে : ডা: জুবাইদা

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান বলেছেন, বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। এ বিষয়ে পরিবেশ স্টার্টআপ গঠন করা যায়।

গতকাল জেডআরএফের উদ্যোগে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করে এ কর্মসূচির সূচনা করেন জুবাইদা রহমান।

তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের প্রতিটি গ্রাম ও শহর আরো সবুজ, নির্মল ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠন করা যেতে পারে।

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে ও অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা: মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ বয়জার রহমান প্রমুখ।

এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফের পরিচালক ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।