ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনকারী কারখানা স্থাপনে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানির মধ্যে গতকাল বুধবার বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. লিয়াং ডিফা চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বার্ষিক ১৫ লাখ পিস তাঁবু, ক্যানোপি, ব্যাগ, ডাফেল ব্যাগ, পানি প্রতিরোধী ব্যাগ, তারপুলিন, ভাঁজযোগ্য বালিশ ও তোষক, এয়ার পিলো, মশারি, কার্পেট, মাদুর, ভাঁজযোগ্য চেয়ার, স্লিপিং ব্যাগ, বিভিন্ন ধরনের ঝুড়ি ইত্যাদি তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ২৯৭৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিজ্ঞপ্তি।



