দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক

Printed Edition
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে বক্তৃতা করেন : পিআইডি
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে বক্তৃতা করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধ প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন গতকাল বুধবার দুদক সংক্রান্ত কার্য অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, দুদকের বর্তমান কাঠামোতে যে কাজগুলো পরিচালিত হচ্ছে সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে। বিশেষত, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী লিফলেট ও সততা স্টোর চালুর বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যান সেখানে এগুলো ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না সেই বিষয়গুলো তদারকি করবেন কোথাও সহযোগিতার দরকার হলে আমাদের জানাবেন। আমরা সহযোগিতা করবো।

ইদানিং মাঠপর্যায়ে দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রচারণা তারা চালায় অবশ্যই যেন তাৎক্ষণিকভাবে আমাদের ১০৬ হটলাইন নম্বরে জানিয়ে দেয়া হয়। আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।