নয়া দিগন্ত ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
গতকাল রোববার বেলা ১১টায় সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে আজ সকাল ৯টা ৫ মিনিটে দাফতরিক কাজ শুরু করতে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, আজ প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে নীতি নির্ধারণী অগ্রাধিকার, প্রশাসনিক বিষয় এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত
বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।


