মেজর সিনহা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের

Printed Edition
মেজর সিনহা হত্যার বিচার দাবিতে ডিআরইউতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের দোয়া ও সংবাদ সম্মেলনে অতিথিরা  : নয়া দিগন্ত
মেজর সিনহা হত্যার বিচার দাবিতে ডিআরইউতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের দোয়া ও সংবাদ সম্মেলনে অতিথিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

মেজর (অব:) মো: রাশেদ খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার। এ উপলক্ষে গতকাল ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক দোয়ামাহফিল ও সংবাদ সম্মেলন করেছে এক্স-ফোর্সেস অ্যাসেসিয়েশন।

এ সময় অতিথিরা বলেন, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন মেজর সিনহা মো: রাশেদ খান। এ ঘটনা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং রাষ্ট্রের আইন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছিল।

এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিম্ন আদালত ও পরবর্তীতে হাইকোর্ট ওসি প্রদীপ কুমার দাশ এবং এসআই লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে রায় দেন। কিন্তু এরপরও মামলাটি আপিল ভিভাগে এখনো সম্পন্ন না হওয়ায় চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে।

সংবাদ সস্মেলনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে এক্স-ফোর্সেস অ্যাসোসিঢেশন কয়েকটি দাবি জানিয়েছে সেগুলো হলো-

১. মেজর সিনহা হত্যামামলার আপিল বিভাগের শুনানি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হোক।

২. মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় বা মনিটরিং ব্যবস্থা গঠন করা হোক, যাতে বিচারিক প্রক্রিয়া অযথা বিলম্বিত না হয়।

৩. ভবিষ্যাতে কোনো নাগরিক, বিশেষ করে রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো সদস্য যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সে জন্য আইনের শাসন, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা আরো শক্তিশালী করা হোক।

৪. সব আলোচিত তথ্য মামলায় নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনূযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।

আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার শুধু একটি রায় নয়; এটি রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার ভিত্তি। মেজর সিনহার জন্য ন্যায়বিচার নিশ্চিত হওয়া মানে আইনের শাসনের প্রতি জাতির অঙ্গীকারকে আরো শক্তিশালী করা ।