নিজস্ব প্রতিবেদক
আজ ২১ মে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে ঢাকার আসাদগেটের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। এ লক্ষ্যে জাগপা দেশের সব সাংঠনিক জেলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র রাশেদ প্রধান। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, শফিউল আলম প্রধান ১৯৪৯ সালের ১ জানুয়ারি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা গ্রামের প্রধান পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মৌলভী গমির উদ্দিন প্রধান ছিলেন অবিভক্ত পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার। সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়, বোরহান উদ্দিন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষাজীবন কাটে। তিনি কলেজ ছাত্র সংসদের স্বতন্ত্র জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৭১ সালের ২৩ মার্চ বাংলাদেশের দিনাজপুর কোতোয়ালি থানায় প্রথম পতাকা উত্তোলন করেছিলেন শফিউল আলম প্রধান। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে আরো বলা হয়, ১৯৮০ সালের ৬ এপ্রিল ঢাকার রমনা গ্রিন চত্বরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রতিষ্ঠা করেন শফিউল আলম প্রধান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন লড়াই করে গেছেন। বাংলাদেশের সব সরকারের আমলেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২৭ বার গ্রেফতার এবং দীর্ঘ কারাজীবন ভোগ করতে হয়েছে।



