নোয়াখালী অফিস
নোয়াখালীর হাতিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় ৪৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চারটি ফিশিং বোট ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এর মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যানঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার ৮০০ কেজি ইলিশ ও দুই হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা।
পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের জরিমানা করে ছেড়ে দেন।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বলেন, জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



