চার জেলায় নিহত চার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গতকাল চার জেলায় চারজনের প্রাণহানী হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের চাবাগান এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ফালুদা মোহন দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার চালক কবির হোসেনও গুরুতর আহত হন। নিহত ফালুদা উপজেলার বোয়ালী ইউনিয়নের শশী মোহন দাসের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ফালুদা বোয়ালী থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় চাবাগান বাজারের দিকে যাওয়ার পথে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে খানসামাদারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে।

নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন রুসুল করিম বাবু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশায় থাকা অপর চারজন প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়ি ফিরে গেছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

স্বজন ও প্রত্যদর্শীরা জানায়, আলুকদিয়া বাজারে মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত আব্দুল্লাহ। একটি মোটরসাইকেলের ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষামূলক চালাতে গিয়ে আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছলে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মণ্ডল চণ্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মণ্ডলের ছেলে।

স্থানীয় ইসলাম নামের এক ব্যক্তি জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন।

পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারিফ মণ্ডল।