নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আশ্বাসও দেন তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলার রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ- আমরা সবাই ভাই ভাই। যুগের পর যুগ ধরে আমরা মিলেমিশে বসবাস করছি। আগামী প্রজন্মও একইভাবে সম্প্রীতির বন্ধনে একসাথে থাকবে।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে রংধনুর প্রতীক ব্যবহার করা হয়েছে, যা দেশের বহুমাত্রিক ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। সাতটি রং মিলে যেমন-রংধনু তৈরি হয়, তেমনি ভিন্ন ধর্ম ও জাতির মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই, বলেন তিনি।
অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি), নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।



