আব্দুস সালাম মুন্সিগঞ্জ
জাঁকজমকপূর্ণ পরিবেশে গতকাল হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট এক হাজার ৭৫৪ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একই সাথে কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। সমাবর্তন বক্তব্যে তিনি দেশের উচ্চশিক্ষা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘স্টুডেন্ট পলিটিক্সের নামে দুর্বৃত্তায়ন বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীর প্যাকেট করা লাশ আর দেখতে চাই না।’ তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সফলতা যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। এখন সময় এসেছে আত্মসমালোচনার মাধ্যমে ভালো মানুষ হওয়ার।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। একই সাথে শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক রিসার্চ সেন্টার গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন- হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: মনজারুল আলম।
বক্তারা বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন শুধু শিক্ষার্থীদের সাফল্য উদযাপন নয়; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষ মানবসম্পদ গঠনে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।
সমাবর্তন উপলক্ষে গ্র্যাজুয়েট ও তাদের স্বজনদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আনন্দ ও উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।



