ইসরাইল থেকে ২০% মার্কিন রিফুয়েলিং বিমান প্রত্যাহার

Printed Edition

মিডল ইস্ট মনিটর

যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চলমান সঙ্ঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে তাদের ২০ শতাংশ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরান একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে, যা দুই দেশের মধ্যকার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পথ সুগম করবে। অবশ্য এই বিমানগুলোকে ইসরাইলের বাইরে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে নাকি ইসরাইলি বিমানবাহিনীর ঘাঁটিতে সরিয়ে নেয়া হবে, সে বিষয়ে এই সংবাদমাধ্যমটি সুনির্দিষ্ট কিছু জানায়নি। তবে গত রোববার ইসরাইলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ বিমানগুলোকে ইসরাইলি বিমান ঘাঁটিতে স্থানান্তরের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন। মিরি রেগেভের দেয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ৭২টি রিফুয়েলিং বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছে, যা বিমানবন্দরটির পার্কিং এলাকার প্রায় অর্ধেক জায়গা দখল করে রেখেছে।

গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা তীব্র রূপ নেয়। ওই হামলায় তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর জবাবে তেহরানও উপসাগরীয় দেশগুলো এবং ইসরাইলে পাল্টা হামলা চালায় এবং সেই সাথে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন এবং তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর তারা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটানোর লক্ষ্যে একটি রূপরেখা চুক্তি বা ফ্রেমওয়ার্ক চুক্তির ঘোষণা দেয়।