শিশু, স্কুলছাত্রসহ বিভিন্ন স্থানে নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় লামিম নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু লামিম একই এলাকার ট্রাকচালক মামুনের ছেলে।

পুলিশ জানায়, টুনিরহাট-পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে টুনিরহাট সুপারী বাজারের উদ্দেশে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তথ্য যাচাইসহ লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো: সাদিকুজ্জামান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুজ্জামান বড়উঠান ইউনিয়নের মৌলভি বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেলযোগে কোচিংয়ে যাওয়ার পথে একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দোহার উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় মো: জুবায়ের (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টা দিকে দোহার উপজেলার পালামগঞ্জ ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহান নামে আরো একজন আহত হয়েছে।

নিহত জুবায়ের ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার নয়নগর এলাকার ইটালি-প্রবাসী মো: জুয়েলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে জোবায়ের তার বন্ধু সোহানকে নিয়ে পালামগঞ্জ এলাকায় ঘুরতে আসে। তারা বাড়ি ফেরার পথে ফুলতলা এলাকায় পৌঁছালে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রিকশায় ও পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় মটরসাইকেলে থাকা জুবায়ের ও সোহান মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত জুবায়ের ও সোহানকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত বলে জানায়। সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত দুইজন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে। আহতরা হলেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) , পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) পার্শ¦বর্তী পীরগঞ্জ পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল পৌর শহরের বন্দর মুক্তা সিনেমার সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক আবুল হোসেন, মোটরসাইকেলে থাকা আতিক, তুহিন, ও ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে ভ্যানচালক আবুল হোসেন মারা যায়।

দশমিনা (পটুয়াখালী)সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দশমিনা-বাউফল মহাসড়কের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশার ধাক্কায় নিহত চিত্তরঞ্জন বাবু (৭০) উপজেলার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত হরেন্দ্র রঞ্জন শীলের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চিত্তরঞ্জন শীল। বাড়ির সামনে দশমিনা-বাউফল মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিত্তরঞ্জন শীলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।