মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Printed Edition

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ২ (দুই) বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।

১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসূরি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে প্রবেশের মাধ্যমে ব্যাংকিং জগতে মনজুরুর রহমানের যাত্রা শুরু হয়। বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবদান রাখা সমৃদ্ধ ও স্বনামধন্য পরিবারের সদস্য মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

ব্যাংকিংয়ের পাশাপাশি তার দক্ষতা চা শিল্পেও প্রসারিত, তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। মনজুরুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান। বিজ্ঞপ্তি।