আজমুনকে বাদ দিয়েই ইরান দল

বিশ্বকাপের আর বাকী ২৪ দিন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইরানের অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনকে বাদ দিয়েই ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত ইরান। গত শনিবার ঘোষিত ৩০ সদস্যের এই দলে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই তারকার, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ‘অবিশ্বস্ত আচরণ’-এর অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়েছেন আজমুন। গত মার্চে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের সাথে সাক্ষাতের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় তিনি সমালোচনার মুখে পড়েন। পরে ছবিটি মুছে ফেললেও বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে কঠোর সমালোচনা করা হয়। কাতার বিশ্বকাপের আগেও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কোচ কার্লোস কুইরোজকে ইরান সরকার আজমুনকে দলে না রাখার ব্যাপারে অনুরোধ করেছিল। তবে কুইরোজ সে অনুরোধে সাড়া দেননি।

আজমুন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন এবং গত দুই বিশ্বকাপেও ইরানের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন।

এ দিকে দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি, যিনি ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলছেন। প্রধান কোচ আমির ঘালেনুই জানিয়েছেন, বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘শুধু পারফরম্যান্স ও টেকনিক্যাল দিক বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।’

আজ দলটি তুরস্কে প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেবে, যেখানে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং ভিসা প্রক্রিয়াও সম্পন্ন করবে। আগামী ১ জুনের মধ্যে এই দল থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এ দিকে ভিসা ইস্যু এখনো পুরোপুরি সম্পন্ন না হলেও ফিফা আশ্বাস দিয়েছে যে বিশ্বকাপ শুরুর আগেই সব প্রক্রিয়া শেষ হবে।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর একই ভেনুতে বেলজিয়াম এবং শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

১০ বিষয়ে ইরানের সাথে ফিফার ইতিবাচক আলোচনা

ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সংস্থাটির মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজের সাথে তাদের সাম্প্রতিক বৈঠক ছিল ‘গঠনমূলক ও ইতিবাচক’।

গত পরশু বার্তা সংস্থা রয়টার্সকে গ্রাফস্ট্রম বলেন, ‘ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আমাদের একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা জটিলতা, কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে না দেয়াসহ ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে টানাপড়েন শুরু হয়।

তবে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ইরান ও ফিফা এসব বিষয় নিয়ে আলোচনা করেছে বলে জানান গ্রাফস্ট্রম। মেহেদি তাজ জানান, ফিফার সাথে তাদের আলোচনায় ইরানের উত্থাপিত ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিটির জন্য সমাধান প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘ফিফা আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রতিটি বিষয়ে সমাধান দিয়েছে। আমরা আশা করছি, কোনো বাধা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে পারব’।