নয়া দিগন্ত ডেস্ক
নরসিংদী, রংপুর ও যশোরে এক ব্যবসায়ীসহ চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত ও এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবো, রায়পুরা ও মাধবদীতে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর মধ্যে গতকাল সকালে বেলাব-শিবপুর সড়কের পাশে ধানের জমি থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত আপন উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ ওইখানে ফেলে রাখা হয়েছে।
অপর দিকে সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি বাসা হতে সাইফুল ইসলাম ভূইয়ার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। মনোহরপুর বোর্ড স্কুলসংলগ্ন তৌফিকুল ইসলামের বাড়িতে স্ব-পরিবারে ভাড়া থাকতেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আমিরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান, তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত হতে পারেনি। পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে।
রংপুরে ২ জনের লাশ উদ্ধার
রংপুর ব্যুরো
রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর-বিএডিসির গভীর নলকূপের ঘরে পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তাকর্মী ও রাস্তার পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৯টায় পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে একটি গভীর নলকূপের ঘর থেকে মফিজার রহমানের (৪৫) নামে লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, বুধবার (৬ মে) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ঘরের ভেতরে হাত পা বেঁধে পিটিয়ে হত্যার পর বিদ্যুতের খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটারের ভেতরের তামার তারসহ আনুসঙ্গিক জিনিসপত্র চুরি করে ট্রান্সমিটারের খালি খোলগুলো ফেলে রেখে যায়। গভীর নলকূপটি পাহারা দিতেন মফিজার রহমান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি।
এ দিকে মিঠাপুকুর থানার ওসি মো: নুরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট সড়কের কসবা এলাকায় হাঁড়িভাঙ্গা আমের বাগান থেকে একটি গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। নাম আবু সায়েদ (৩৪)। তিনি স্থানীয় উচা বালুয়া এলাকার আজগর আলীর ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোর অফিস ও অভয় নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে বাসা ভাড়াসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী আনিছুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। নওয়াপাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান আনিছ প্লাজার সামনে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীর বাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে চান। কিন্তু আনিছুর রহমান রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহ মাহমুদ চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপায়।



