জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিন্নমত প্রকাশের জেরে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পটেনশিয়াল রেপিস্ট’ অপবাদ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগীরা সবাই বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন ইস্যুতে একদল শিক্ষার্থীর ‘অপরাজনীতির’ প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী মিলে সম্প্রতি একটি ভিডিও কনটেন্ট তৈরি করেন। যার মূল বিষয়বস্তু ছিল-ক্যাম্পাসের চলমান ইস্যুকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীর অপরাজনীতির মাধ্যমে প্রক্টরের পদত্যাগ দাবি। কনটেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে।
তবে অভিযোগ উঠেছে, ভিডিওর মূল ভাবনার সাথে দ্বিমত পোষণ করে একটি গোষ্ঠী কনটেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানায়। ভুক্তভোগীদের দাবি, চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আলম লামিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্দেশ্য করে পটেনশিয়াল রেপিস্ট বলে ট্যাগিং করেন। একই সাথে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের উসকানি দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি এবং ভিসির কাছে পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



