ঝালকাঠি প্রতিনিধি
বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মণ ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগর নিকটবর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলের জালে।
গতকাল মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে তা নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।
স্থানীয় উন্নয়নকর্মী এইচ এম বাদল জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ শিকারে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্যবন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে উঠালে আমুয়ার মাছের আড়ৎদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান মাছের আড়ৎদার আব্দুল হাই।



