নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার : কামাল আজিজীর ইন্তেকাল

Printed Edition
নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার  : কামাল আজিজীর ইন্তেকাল
নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার : কামাল আজিজীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। আজ শনিবার বাদ জোহর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পদুয়ায় নিজ মাদরাসা আলজামেয়াতুল আনওয়ার হেমায়েতুল ইসলাম প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার ইন্তেকালে ইসলামী অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় ইসলামিয়া কওমি মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শূরার সভায় তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদরাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পদুয়া হেমায়েতুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার ছেলে মাওলানা নজরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘আমার আব্বা সারা জীবন দ্বীনি কাজ করেছেন। তিনি ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।’

এদিকে আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আল্লামা সরোয়ার কামাল আজিজীর দ্বীনি খেদমতের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান আল্লাহ যেন এই খেদমত কবুল করে তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই প্রার্থনা করেন।