ওদেসায় রাশিয়ার ড্রোন হামলা : দুই শিশুসহ আহত ১৪

Printed Edition

রয়টার্স

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় রাতভর রাশিয়ার ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান সের্হি লিসাক টেলিগ্রামে জানিয়েছেন যে ঐতিহাসিক প্রিমোরস্কি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আবাসিক ভবন ও হোটেলের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ মানুষ সেখানেই আহত হয়েছেন। ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার আহতের সংখ্যা বেড়ে ১৪ জন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষ্ণ সাগরের প্রধান বন্দর ও ইউক্রেনের পণ্য রফতানির কেন্দ্রবিন্দু ওদেসা গত চার বছরের বেশি সময় ধরে রুশ বাহিনীর নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। লিসাক জানান রাতটি অত্যন্ত কঠিন ছিল কারণ আরও দুটি জেলায় বহুতল ভবন ও ব্যক্তিগত ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। জানালা ভেঙে যাওয়া একটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় ৬৮ বছর বয়সী বাসিন্দা ভলোদিমির তাবার রয়টার্সকে বলেন আমরা টিকে গেছি। পুরনো ভবনগুলোই সবচেয়ে শক্তিশালী।

ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ওদেসা বন্দরের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এবং ইউক্রেনীয় সামুদ্রিক করিডোর দিয়ে যাওয়ার সময় নাউরুর পতাকাবাহী ‘রামকো’ নামক একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্গো টার্মিনালের একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লাগলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।