রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর নিয়মতান্ত্রিক সহিংসতা ছড়ানোর দায়ে এবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের নেটওয়ার্কের বিরুদ্ধে একযোগে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিমা দেশগুলো। এই সহিংসতায় সরাসরি অর্থায়ন, মদদদান ও হামলা পরিচালনাকারী চক্রগুলোর বিরুদ্ধে মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও নরওয়ে।
এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও একই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছিল। ফলে সব মিলিয়ে এখন মোট ছয়টি দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড, অর্থায়নকারী গোষ্ঠী এবং আক্রমণকারীদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করল। চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক বাসিন্দাদের ওপর চরম নির্যাতন ও সহিংসতার জন্য দায়ী কট্টর বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। একই সাথে তারা ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মাঠপর্যায়ে এই সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়া হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, তার দেশ ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, কয়েকজন শীর্ষ বসতি নেতা এবং ২১ জন দাঙ্গাবাজ বসতি স্থাপনকারীর ওপর ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
অন্যদিকে, ব্রিটেন মূলত এই চক্রগুলোর অর্থের উৎস বন্ধ করার ওপর জোর দিয়েছে। তারা এমন একটি ইসরাইলি নির্মাণ সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যাদের সম্পদ ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংসের কাজে ব্যবহৃত হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। একই ধারাবাহিকতায় কানাডাও আলাদা একটি নির্মাণ প্রতিষ্ঠান ও তার মালিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।



