ডা. মাহমুদা মিতু
টিটি ভ্যাকসিন বা টিটেনাস রোগের টিকা প্রত্যেকটি সন্তান জন্মদানে সক্ষম তরুণী ও মহিলাকে নেয়া উচিত। এই টিকা আপনাকে ও আপনার অনাগত শিশুকে ধনুষ্টংকার রোগ থেকে রক্ষা করবে। এই টিকার ডোজ মোট পাঁচটি। আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে ১৫-৪৯ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে এই টিকা দেয়া হয়।
টিটি টিকার সিডিউল
* প্রথম ডোজ- ১৫ বছর থেকে যেকোনো দিন।
* দ্বিতীয় ডোজ- প্রথম ডোজের এক মাস পর।
* তৃতীয় ডোজ- দ্বিতীয় ডোজের কমপক্ষে ছয় মাস পর।
* চতুর্থ ডোজ- তৃতীয় ডোজের কমপক্ষে এক বছর পর।
* পঞ্চম বা সর্বশেষ ডোজ- চতুর্থ ডোজের কমপক্ষে এক বছর পর।
* আপনি যদি গর্ভধারণের আগে কোনো টিকা না নিয়ে থাকেন তাহলে
প্রথম ডোজ- গর্ভধারণের পাঁচ মাস পূর্ণ হলে যেকোনো দিন এবং
দ্বিতীয় ডোজ- প্রথম ডোজের এক মাস পর নেবেন।
** আর যদি গর্ভধারণের আগে দু’টি টিকা নেয়া থাকে তাহলে-
প্রতি গর্ভাবস্থায় পাঁচ মাস পূর্ণ হলে একটি করে টিটির বুস্টার ডোজ নিতে হবে। কারো মোট পাঁচটি ডোজ দেয়া থাকলে গর্ভবস্থায় আর কোনো টিটি টিকা নিতে হবে না।
গর্ভধারণের আগে দুই ডোজ নেয়া থাকলে গর্ভকালীন তৃতীয় ডোজ এবং সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ নিতে হবে। গর্ভধারণের আগে তিন ডোজ নেয়া থাকলে এবং গর্ভকালীন এক বছর অতিক্রান্ত না হলে এ সময় চতুর্থ ডোজ নেয়ার প্রয়োজন নেই। কেউ যদি কোনো টিকা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে গর্ভাবস্থায় পাঁচ মাসের পর এক মাসের ব্যবধানে পরপর দু’টি টিটি টিকা নিতে হবে। আর যদি আগে দুই ডোজ টিকা নেয়া থাকে তাহলে প্রতি গর্ভাবস্থায় মাত্র একটি বুস্টার ডোজ নিতে হবে। টিকা মা ও শিশু উভয়েরই ধনুষ্টংকার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। প্রসবকালে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্নতায় অসতর্কতা, অপরিষ্কার, ছুরি, ব্লেড বা কাঁচি ব্যবহার করলে (নবজাতকের নাভী কাটার সময়) অথবা নাভীর গোড়ায় নোংরা কিছু লাগিয়ে দিলে নবজাতকের ধনুষ্টংকার রোগ হতে পারে। তাই এসব প্রতিরোধে মায়েদের সময়মতো টিটেনাস টিকা নেয়া অবশ্যই জরুরি।



