কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
কর্ণফুলী নদী দখল ও দূষণ রোধ এবং নদীকেন্দ্রিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বিনি সুতার মালা’ আয়োজন। গতকাল শুক্রবার সকালে নগরের অভয়মিত্র ঘাট থেকে লাম্বুরহাট পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে এ ব্যতিক্রমী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির আয়োজনে এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের তত্ত্বাবধানে চার দিনব্যাপী ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা’র প্রথম দিনের আয়োজন ছিল ‘বিনি সুতার মালা’।
নদীর দুই তীরের প্রায় ৩০টি ঘাটে আলোচনা, আঞ্চলিক গান, পাহাড়ি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নদী দখল ও দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়। ভাসমান নৌমঞ্চে সদরঘাট, চরপাথরঘাটা, নয়াহাট, কালুরঘাট, বোয়ালখালী ও লাম্বুরহাট এলাকায় বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক চৌধুরী ফরিদ বলেন, “কর্ণফুলী নদী দখল ও দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর চারপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরো বলেন, কর্ণফুলী নদী টিকিয়ে রাখতে না পারলে চট্টগ্রামের অর্থনীতি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির চেয়ারম্যান আলীউর রহমান বলেন, নদীতে জাহাজ থেকে পড়ে থাকা স্ক্র্যাপ ও শিল্পবর্জ্যরে কারণে পানি ও পরিবেশ দূষণ বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা: মাহজুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মী ও পরিবেশকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, শনিবার সাম্পান শোভাযাত্রা এবং পরদিন চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ও সাম্পান খেলার আয়োজন করা হবে।



