বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল সোমবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- কর্মদিবস বৃদ্ধি করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প, যার ওপর হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও শারীরিক বিকলাঙ্গসহ দেশের প্রায় ১৮ লাখ শ্রমিকের জীবন-জীবিকা। বহুজাতিক সিগারেট কোম্পানির ষড়যন্ত্রের কারণে এ শিল্পে ক্রমাগত শুল্ক বাড়ানো হচ্ছে। অতিরিক্ত শুল্কের চাপে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হচ্ছেন।
তাই অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলের মতো বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান তারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।



