কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে সড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিসিআইসি গোডাউনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় সড়কে চলাচলকারী কোনো গাড়ির চাপায় মানিক মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে নিহতের পরিবারের দাবি, এটি সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি ঢাকায় এসএ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মানিক মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই এমদাদুল হক শাহিন বলেন, ‘আমার ভাই জানিয়েছিল বুধবার ঢাকা থেকে অফিসের কাজে সে রাজশাহী যাবে। কিন্তু কিভাবে বা কী কারণে তিনি কিশোরগঞ্জে এলেন, তা রহস্যজনক মনে হচ্ছে। তিনি বলেন, ‘কিশোরগঞ্জে এলে আমাদের জানানোর কথা ছিল। সন্ধ্যায় তার অন্য সহকর্মীরা অফিস থেকে গাড়ি নিয়ে বের হন। পরে সে কেন মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে এলো, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



