অভিন্ন অবস্থানের লক্ষ্যে প্যারিসে জি-৭ অর্থমন্ত্রীদের বৈঠক

Printed Edition

এএফপি

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে অভিন্ন অবস্থান গঠনের লক্ষ্যে জি-৭ শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা গতকাল সোমবার প্যারিসে দুই দিনের বৈঠকে মিলিত হয়েছেন। ফ্রান্স বর্তমানে জি-৭-এর সভাপতিত্বের দায়িত্বে রয়েছে। সংলাপ খোলা রাখার এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ফ্রান্সকে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য বিরোধ ভূরাজনৈতিক উত্তেজনাকে আরো উসকে দিয়েছে।

চীনের বিশাল পরিমাণ বিরল খনিজ সরবরাহের ওপর নির্ভরতা কমানো বৈঠকের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি। এসব খনিজ সাম্প্রতিক বছরগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। ফরাসি অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, ‘গত ১০ বছরে বৈশ্বিক অর্থনীতির যে ধারা তৈরি হয়েছে, তা স্পষ্টভাবেই টেকসই নয়।’

তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি, ইউরোপে প্রযুক্তিগত উদ্ভাবনের ঘাটতি এবং চীনের নিম্নমুখী ভোক্তা চাহিদা ও শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও রফতানি বৃদ্ধির মতো বিষয়গুলোকে এর কারণ হিসেবে উল্লেখ করেন।