ভূমি অফিসে সেবা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -রংপুর বিভাগীয় কমিশনার

Printed Edition

রংপুর ব্যুরো

ভূমি অফিসগুলোতে টাকা নেয়া এবং নাগরিক সেবা না দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিতে এ সময় আরো বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো: আব্দুল মাবুদ, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।

বিভাগীয় কমিশনার বলেন, ভূমি সংক্রান্ত অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। সরকারি বড় কর্মকর্তারা সেটেলমেন্ট অফিসে ফোন দেয়ার পরেও অনেক পরে কাজ হয়। তাহলে সাধারণ মানুষের অবস্থা কী। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। ন্যায় ও আইন সঙ্গত ভূমি সেবা নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের। এজন্য তিনি বিভাগের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, যাদের বিরুদ্ধে গ্রাহক হয়রানি এবং টাকা নেয়ার অভিযোগ উঠবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের সচেতন হতে হবে। ডিসি সাহেবরা ইউনও সাহেবদের কার্যক্রমের মনিটরিং করবেন। ইউএনও সাহেবরা এসি ল্যান্ডের কার্যক্রম মনিটরিং করবেন এবং ল্যান্ড ম্যানেজমেন্টকে সঠিকভাবে আনতে গেলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সহকারী কমিশনারের ভূমিকা। তাকে ফিল্ড ভিজিটে যেতে হবে এবং তহশিল অফিসগুলোকে কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আনতে হবে।”

বিভাগীয় কমিশনার আরো বলেন, আমাদের দেশে কিছু অফিস আছে যে অফিসগুলো জন্মসূত্রে বদনামি অফিস। তার ভেতরে ল্যান্ড অফিস একটা, সাব-রেজিস্ট্রি অফিস একটা, পাসপোর্ট অফিস একটা।

পরে তিনি তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন।