মিছিলের চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৯ নেতাকর্মী গ্রেফতার

লালবাগে খুনের আসামি গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এ বিষয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকায় আরো ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলাপর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন।

এ দিকে রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মো: রাফি নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মূল আসামির দেয়া তথ্যের ভিত্তিতে ৯ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে। এ তিনজন হলেন- মূল অভিযুক্ত মো: ইমন ওরফে বাবুর্চি ইমন, শাহাবুদ্দিন ও রেজাউল।

গতকাল ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জানান, গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো: রাফিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

১৮ মে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন ও রেজাউলকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত ইমনের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের একটি বাসা থেকে পিস্তলের ৯টি গুলি জব্দ করা হয়।

অন্য দিকে রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাজমিস্ত্রির কড়াইয়ে অভিনব কায়দায় পাঁচ হাজার পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি পুরনো লোহার কড়াই জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছে এবং গ্রেফতার এড়ানোর জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করে বলে জানায় ডিএমপি।