জুলাই যোদ্ধা হত্যা মামলার আসামির জামিন ফেনীতে ক্ষোভ

Printed Edition

ফেনী অফিস

ফেনীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় শহীদের পরিবার, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গতকাল রোববার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাশফিকুল হক মামলার আসামি ফুলগাজী উপজেলা যুবলীগের নেতা সোহেলের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন খান।

জনাব মেজবাহ খান জানান, সোহেল এ মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। তার জামিনের বিরোধিতা করা হলেও আদালত আবেদন মঞ্জুর করেন। ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামির জামিন পাওয়ার ঘটনা এটিই প্রথম।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনী শহরের মহিপাল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সশস্ত্র হামলায় মাথায় গুলিবিদ্ধ হন মাসুম। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ৪ সেপ্টেম্বর মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ১৬২ জনের নাম উল্লেখের পাশাপাশি আরো ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তদন্ত শেষে গত ৩১ জুলাই পুলিশ ২২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতার নাম রয়েছে।

এ পর্যন্ত মামলায় এজাহারনামীয় ১২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

মাসুম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেছিলেন।