আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে রাতে আগুনে পুড়ে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। জানা গেছে রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। একালাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সবকিছু হারিয়ে দিশেহারা পরিবার তিনটি।
ঘটনার খবর পেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সাথে ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি।



