ব্রাদার্স ১-২ পিডব্লিউডি
ক্রীড়া প্রতিবেদক
সার্ক কোটায় ‘দেশি’ ও বিদেশী মিলে ৭ বাইরের ফুটবলারকে কাল খেলিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এরপরও জিততে পারেনি। প্রথম পর্বে দুই দলের খেলাটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে ফিরতি পর্বে এসে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় পিডব্লিউডির। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে পিডব্লিউডির জয় ২-১ গোলে। এতে পয়েন্ট টেবিলে ব্রাদার্সের পাশেই চলে এল অফিস ক্লাবটি। দুই দলেরই পয়েন্ট ১৩ করে। উভয় দলেরই শেষ হওয়া খেলার সংখ্যা ১৩টি। যদিও গোলপার্থক্যে ব্রাদার্স আছে ৭ নম্বরে। আর পিডব্লিউডি আটে।
ম্যাচে ১৩ মিনিটে লিড নিয়েছিল আনোয়ার হোসেনের দল। গোলদাতা রাশিয়ান স্ট্রাইকার মারাত দেভেশা তারেক। এরপর ব্রাদার্স সমতা আনে ৬৩ মিনিটে। গোলটি করেন পাকিস্তানি শায়েক দোস্ত। খেলা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখন ৮৫ মিনিটে পেনাল্টি থেকে পিডব্লিউডির জয় নিশ্চিত করেন তারেক।



