সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার পৌর এলাকার রাজাশনে মাদক আখড়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে ৪ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শীর্ষ মাদককারবারি শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরুতর আহত হন। আহতরা হলেন- এস এ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও উভয় টিভির দুই ক্যামেরার পারসন। আহতদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সাভার পৌর এলাকার রাজাশন পালোয়ান পাড়ায় শামীমের মাদক আখড়ায় দীর্ঘ দিন ধরে প্রকাশ্য মাদক বেচাকেনা চলছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রশাসনের টনক নড়েনি। অভিযোগ আছে প্রশাসনের বিভিন্ন সংস্থা এ আখড়া হতে নিয়মিত মাশোহারা নিয়ে থাকেন। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত মাদকের একটি অংশ এ আখড়ায় বিক্রয় করা হয়ে থাকে। শামীম ইতঃপূর্বে পুলিশের পোশাক পরিহিত হয়ে ডাকাতি করতে গিয়ে একাধিক বার গ্রেফতার হয়ে হাজত বাস করে। তার আখড়ায় অর্ধশতাধিক মাস্তান সন্ত্রাসীকে লালন পালন করা হচ্ছে।



