চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার ভারতীয় রুপাসহ নারী আটক

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় রুপাসহ রিজিকা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রিজিকা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার হল্টচাঁদপুর গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি ১০০ গ্রাম ওজনের ছোট-বড় ১৮টি ভারতীয় রুপার খণ্ড উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঢাকা থেকে ট্রেনে আসা এক সন্দেহভাজন নারীকে তল্লাশি করলে তার কাছ থেকে এসব রুপা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা রুপার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ওই নারীর কাছ থেকে একটি সিম্ফনি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।