৩০ বছর পর শিরোপা অ্যাস্টন ভিলার

Printed Edition
ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে উল্লাসরত অ্যাস্টন ভিলার খেলোয়াড়রা : ইন্টারনেট
ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে উল্লাসরত অ্যাস্টন ভিলার খেলোয়াড়রা : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

১৯৮২ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (তৎকালীন ইউরোপিয়ান কাপ) জিতেছিল অ্যাস্টন ভিলা। ফাইনালে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের ইতিহাসের একমাত্র শিরোপাটি অর্জন করেছিল তারা। ৪৪ বছর পর আবার ইউরোপিয়ান ফুটবলের শিরোপা ঘরে তুলল ওয়েস্ট মিডল্যান্ডস কাউন্টির বার্মিংহাম শহরের কাবটি। ইউরোপা লিগের ফাইানালে গত পরশু জার্মান কাব ফ্রেইবুর্গের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধেই ইউরি টিলেমানস ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনাই এমরির দল। বিরতির পর মরগান রজার্স জালের দেখা পেলে একপেশে লড়াইয়ে ফ্রেইবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো অ্যাস্টন ভিলা।

অ্যাস্টন ভিলা এর আগে সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ। যা আগে পরিচিত ছিল ইংলিশ লিগ কাপ হিসেবে। সে হিসেবে ৩০ বছর পর বড় কোনো ট্রফির দেখা পেল দলটি। ইউরোপিয় প্রতিযোগিতায় তাদের আগের সাফলের গল্প তো আরো পুরনো; সেই ১৯৮১-৮২ মৌসুমে ওই সময়ের ইউরোপিয়ান কাপ জিতেছিল কাবটি।

ইউরোপিয় কাব ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগে থেকেই দখলে রেখেছিলেন এমেরি। সেই রেকর্ডকে এবার আরো সমৃদ্ধ করলেন ৫৪ বছর বয়সী স্প্যানিশ এই কোচ। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার আর ভিলারিয়ালের হয়ে সবশেষ ২০২০-২১ আসরে এই ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। আর সব মিলে এই প্রতিযোগিতারি ফাইনালে মোট ছয়বার উঠে পাঁচবারই সফল এমেরি। একবার ব্যর্থ হয়েছিলেন আর্সেনালের ডাগআউটে দাঁড়িয়ে ২০১৮-১৯ মৌসুমে।

ইস্তানবুলের বেসিকতাস পার্কে স্বপ্ন পূরণের মিশনে নেমে ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় অ্যাস্টন ভিলা। রজার্সের কাছ থেকে পাস পেয়ে ছুটে গিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার টিলেমানস। এই রেশ না কাটতেই প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি চমৎকার গোল করেন বুয়েন্দিয়া। ৫৮ মিনিটে জয়ের পথে আরো এগিয়ে যায় ভিলা। গোলমুখে বুয়েন্দিয়ার পাস থেকে বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার রজার্স।