উজিরপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের ধাওয়া-পাল্টাধাওয়া

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতের সংখ্যা নিয়ে দুই পক্ষ ভিন্ন দাবি করলেও পুলিশ বলছে, কোনো হতাহতের তথ্য তারা পায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসাশিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজকে হেনস্তা ও তার বাড়ি দখলের অভিযোগে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় পুলিশ কর্মসূচি না করার অনুরোধ জানায়।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার সেখানে গেলে একটি ফেস্টুন ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহিন হাওলাদারের দাবি, হামলায় যুবদলের সদস্যসচিব ফয়েজ মোল্লা ও জসিম চোকদারসহ তিনজন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডি এম আলামিন দাবি করেন, তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।

উজিরপুর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, মাদরাসাশিক্ষক ফিরোজের সাথে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দু’টি মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।