মহাস্থান উপজেলা নামকরণের প্রস্তাব

Printed Edition

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ নামকরণের প্রস্তাবের পাশাপাশি মোকামতলায় মেগা উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম। গত শুক্রবার রাতে মোকামতলায় এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া মোকামতলাকে আধুনিক ও পরিকল্পিত উপজেলায় রূপান্তর করতে প্রশাসনিক পুনর্গঠন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে মোকামতলা বন্দর এলাকাকে পৌরসভায় উন্নীত করা হবে। পাশাপাশি বর্তমান ইউনিয়নগুলো ভেঙে ও পুনর্বিন্যাস করে আরো নতুন ইউনিয়ন গঠন করা হবে।

শিক্ষা খাতের উন্নয়নে মোকামতলার স্থানীয় কলেজ ও উচ্চবিদ্যালয়গুলো সরকারিকরণের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। যোগাযোগব্যবস্থা সচল করতে মোকামতলা-সোনাতলা সড়কে নতুন ওভারব্রিজ, শংকরপুর এলাকা থেকে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং মোকামতলা-শিবগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার ও দুই লেনে উন্নীতকরণের ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলাকে বাসযোগ্য ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে সরকার কাজ করছে। জাতীয় বাজেট থেকেই এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।