জাকার্তায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা চ্যাম্পিয়ন এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ

Printed Edition

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত বিনুস বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিযোগিতা ‘কোড্যাভোর ইন্টারন্যাশনাল ৭.০’-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুল অ্যান্ড কলেজ। বিশ্বের অন্যতম বৃহৎ এ প্রযুক্তি প্রতিযোগিতায় ২২টি দেশের প্রায় ২৮০টি দল অংশ নেয়। বাংলাদেশ থেকেও বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের দল ‘আকাশ পাঠাব’ তাদের উদ্ভাবিত মাল্টি-পারপাস রোভার প্রজেক্ট উপস্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ায়।

প্রকল্পটির নেতৃত্ব দেয় প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান সাদাত। প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিল মুহতাসিম রহমান এবং সেফটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আবিদুর রহমান। তাদের উদ্ভাবিত প্রজেক্টটি প্রতিযোগিতার ‘সিনিয়র ক্যাটাগরি ট্র্যাক ওয়ান’ বিভাগে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন মেডেল ও সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার গভর্নিং বডির সভাপতি মো: আলী হোসেন ফকির এ সাফল্যের জন্য তরুণ বিজ্ঞানী দল এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে নতুন নতুন সাফল্য অর্জন করবে। পাশাপাশি বিজ্ঞানচর্চা ও সৃজনশীল উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।