ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তাদের সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলা। আগামীকাল রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হবে ম্যানচেস্টার সিটির ডাগআউটে গার্দিওলার শেষ উপস্থিতি। প্রায় এক দশক ধরে ক্লাবটিকে ইউরোপের অন্যতম পরাশক্তিতে পরিণত করা এই স্প্যানিশ কোচের বিদায়ে আবেগঘন হয়ে উঠেছে পুরো ফুটবল বিশ্ব।
২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন গার্দিওলা। সেই সময় ক্লাবটি ইংলিশ ফুটবলে শক্তিশালী অবস্থানে থাকলেও ইউরোপীয় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু গার্দিওলার হাত ধরে বদলে যায় সবকিছু। তার আধুনিক, আক্রমণাত্মক ও বল দখলভিত্তিক ফুটবল কৌশল শুধু সিটির খেলায় নয়, পুরো প্রিমিয়ার লিগের ধরনেও বড় পরিবর্তন আনে।
দশ বছরে সিটির হয়ে তিনি জিতেছেন ১৭টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি এফএ কাপ, চারটি লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। তার অধীনেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম আধিপত্য বিস্তারকারী দল হিসেবেও প্রতিষ্ঠিত হয় তারা।
বিদায়ের ঘোষণা দিয়ে গার্দিওলা বলেন, ‘‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ জানতে চাইবেন না। কোনো নির্দিষ্ট কারণ নেই। তবে ভেতর থেকে অনুভব করছি, এটাই সঠিক সময়। কিছুই চিরস্থায়ী নয়। যদি সবকিছু চিরস্থায়ী হতো, তাহলে আমি এখানেই থেকে যেতাম। কিন্তু মানুষের ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি সবসময় বেঁচে থাকবে।”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, সিদ্ধান্তটি মূলত ব্যক্তিগত অনুভূতি থেকেই নেয়া। যদিও গত কয়েক মাস ধরেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানিয়েছে, গার্দিওলার বিদায়ের প্রস্তুতি এক বছর আগেই শুরু করেছিল ক্লাব কর্তৃপক্ষ। গার্দিওলার সম্মানে ইতিহাদ স্টেডিয়ামের নবনির্মিত নর্থ স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’। ক্লাবের ইতিহাসে তার অবদানকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববারের ম্যাচে স্ট্যান্ডটি প্রথমবারের মতো পুরোপুরি উন্মুক্ত থাকবে, যা গার্দিওলার বিদায়কে আরো বিশেষ করে তুলবে।
তবে সিটির সাথে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। ক্লাব জানিয়েছে, তিনি ভবিষ্যতেও সিটি ফুটবল গ্রুপের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকবেন। গার্দিওলার বিদায়ের সাথে সাথে শুরু হয়েছে নতুন কোচ নিয়ে আলোচনা। বিভিন্ন সূত্রের দাবি, সাবেক চেলসি কোাচ এনজো মারেস্কা-ই এখন সবচেয়ে এগিয়ে। মাত্র কয়েকদিন আগেই প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার সিটির। বোর্নমাউথের বিপক্ষে ড্র করার ফলে শিরোপা নিশ্চিত করে আর্সেনাল। লিগ শিরোপা হারালেও শেষ মৌসুমে সিটিকে এফএ কাপ ও লিগ কাপ জিতিয়েছেন গার্দিওলা।



