ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ৬টি করপোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ছয়টি করপোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো: রফিকুল ইসলাম ও মো: মাকসুদুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো: মাহবুব-এ আলম, ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান, ঢাকার ছয়টি করপোরেট শাখা প্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, শাখাপ্রধানরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। সাম্প্রতিক সঙ্কট মোকাবেলায় তাদের ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো: আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আস্থার সঙ্কট কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। এ সময়ে তিনি বাংলা কিউআর এবং ক্যাশলেস বাংলাদেশ গড়তে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সম্মেলনে ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, আমানত ও বিনিয়োগ বৃদ্ধি, গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।