নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের পল্লবীতে লামিসা (৮) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পল্লবী মিল্লাত ক্যাম্পের একটি বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়।
জানা গেছে, নিহত লামিসা পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক বি এর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের মেয়ে। হান্নান একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। তারা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। একই ভবনের পাশের বাসায় সোহেল রানা নামে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি একটি রিকশা গ্যারেজে কাজ করেন। প্রতিবেশী হওয়ায় লামিসার পরিবারের সাথে সোহেলদের পরিবারের পরিচয় ছিল। সকালে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহেলদের বাসা থেকে উলঙ্গ অবস্থায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানতে না পারলেও ধারণা করছে পাশবিক নির্যাতনের পর শিশুকে গলা কেটে হত্যা করা হতে পারে।



