বিশ্বকাপ ফুটবল ২০২৬ শিরোপার লড়াই

হ্যাটট্রিকে বর্ণবাদের জবাব সাকার

Printed Edition
পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পর ইংল্যান্ডের জুড বেলিংহাম, রিস জেমসের সাথে উদযাপন করছেন বুকায়ো সাকা  : ইন্টারনেট
পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পর ইংল্যান্ডের জুড বেলিংহাম, রিস জেমসের সাথে উদযাপন করছেন বুকায়ো সাকা : ইন্টারনেট

রফিকুল হায়দার ফরহাদ - যুক্তরাষ্ট্র থেকে

১০ গোলের ম্যাচে জয় ইংল্যান্ডের

ইউরো ২০২০-এর ফাইনালে টাইব্রেকার মিস করে বর্ণবাদী বিদ্বেষের শিকার হয়েছিলেন বুকায়ো সাকা। চার বছর পর বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে ব্রোঞ্জ জিতিয়ে সেই সমালোচনার জবাব দিলেন এই উইঙ্গার।

ইতালির বিপক্ষে সেই ম্যাচে টাইব্রেকারে সাকা গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছিলেন। নাইজেরীয় বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার এবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৬-৪ গোলের জয় এবং ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ পদক এনে দিয়েছেন। আর্সেনালের এই উইঙ্গার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।

ম্যাচ শেষে সাকা বলেন, ফাইনালে খেলতে না পারায় তিনি হতাশ। তার ভাষায়, ‘আমি আরো বেশি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে এখন এ নিয়ে কথা বলে লাভ নেই। আমি পুরোপুরি ফিটই ছিলাম।’ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পাননি সাকা।

ম্যাচে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টি নিয়ে সাকা জানান, শুরুতে বল হাতে নিয়েছিলেন জুড বেলিংহাম। পরে প্রতিপক্ষের মনোযোগ অন্য দিকে সরিয়ে দিতে তিনি বলটি সাকার হাতে তুলে দেন এবং হ্যাটট্রিক পূর্ণ করতে উৎসাহিত করেন।

এটি বিশ্বকাপে সাকার প্রথম হ্যাটট্রিক। এর আগে ইংল্যান্ডের হয়ে ২০২৪ সালের ইউরো বাছাইপর্বে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে এক ম্যাচে তিন গোল করেছিলেন তিনি। বিশ্বকাপে এর আগে ২০২২ সালে ইরানের বিপক্ষে জোড়া গোল এবং সেনেগালের বিপক্ষে একটি গোল করেছিলেন।

চলতি বিশ্বকাপেও গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন সাকা। ক্রোয়েশিয়া, পানামা ও মেক্সিকোর বিপক্ষে একটি করে গোল তৈরিতে অবদান রাখেন তিনি। এক বিশ্বকাপে তিন অ্যাসিস্ট করে তিনি ইংল্যান্ডের সাবেক দুই তারকা ডেভিড বেকহাম ও হ্যারি কেনের কীর্তির সাথে নাম লেখান।

২০২০ সালে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া সাকার আন্তর্জাতিক অভিষেক গোল আসে একই বছর অস্ট্রিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে তিনি ১৭টি গোল করেছেন।