ক্রীড়া ডেস্ক
ফুটবলের মেগা আসর বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে এবারের আসর ইতোমধ্যে শেষের পথে। আর বাকি ফাইনাল। আজ রাত বাংলাদেশ সময় ১টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল মহাযজ্ঞের। এর আগেই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ছবি আঁকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতে এককভাবে আবার বিশ্বকাপ আয়োজন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে গত পরশু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের। ফিফা সভাপতির দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের আবারো যুক্তরাষ্ট্রকেই বেছে নেয়া উচিত। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেবো।’
প্রথমবারের মতো এবার ৪৮ দল নিয়ে হচ্ছে বিশ্বকাপ। তিন দেশ বিশ্বকাপের স্বাগতিক হয়েছে প্রথমবার। যদিও ১০৪ ম্যাচের মধ্যে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রেই হয়েছে ৭৮টি ম্যাচ। যার মধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে পরবর্তী ১২টি ম্যাচ অন্তর্ভুক্ত। আগামী বিশ্বকাপও যৌথভাবে আয়োজিত হবে তিন দেশে- স্পেন, পর্তুগাল ও মরক্কো। একাধিক মহাদেশে বিশ্বকাপ আয়োজন হবে- সেটিই প্রথম। তবে শতবর্ষপূর্তি বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়েতে, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল তারা। একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও। আর ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব।
২০৩৮ বিশ্বকাপের আয়োজক দেশ এখনো ঘোষণা করা হয়নি। যদিও ঐতিহাসিকভাবে কোনো দেশের জন্য ১২ বছরের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ আয়োজন করাটা অনেক দ্রুত বলেই মনে করা হয়। তবে ফিফা ২০৩০ ও ২০৩৪ সালের টুর্নামেন্ট যে দেশগুলোকে বরাদ্দ করেছে, তাতে তারা এক রকম নিজেদেরই একটি কোণঠাসা অবস্থায় ফেলেছে।
২০৩০ সালে যেহেতু আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় আয়োজন করা হবে এবং ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়ায় হবে, তাই ফিফার বর্তমান আয়োজক নিয়ম অনুযায়ী, ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের জন্য শুধু উত্তর আমেরিকা ও ওশেনিয়া মহাদেশই যোগ্য। এই অনুষ্ঠানে ট্রাম্প খোলাসা করেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে তার সাথে কথা বলেছেন ফিফা সভাপতি।



